Apan Desh | আপন দেশ

সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৫, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩৪, ১৪ এপ্রিল ২০২৬

সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় সহায়তার অভিযোগ এনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি। বিষয়টি জানিয়েছে আল-জাজিরা ও এএফপি।

ক্ষতিপূরণ দাবির তালিকায় থাকা দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার ও জর্ডান।

চিঠিতে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দায়বদ্ধতা লঙ্ঘনের শামিল। তাই ওই হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন <<>> ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে বড় ধরনের যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ওই হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দাবি করা হয়। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতির আগে পর্যন্ত ইরানও ইসরায়েল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা এলাকায় হামলা চালায় বলে জানানো হয়।

এদিকে উত্তেজনা প্রশমনে গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি।

বিশ্লেষকদের মতে, নতুন এ ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়