ছবি : সংগৃহীত
পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান গ্রহণ করেনি। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের সময়ও অর্জন করতে পারেনি।
সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো ইরান গ্রহণ করেনি। এসব শর্তের মধ্যে ছিল হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
তাদের মতে, এসব দাবি ইরানের জন্য গ্রহণযোগ্য ছিল না, তাই আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
প্রসঙ্গত, ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এ আলোচনা চলে।
আরও পড়ুন<<>>ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ
আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।
টানা ২১ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধশ্বাস আলোচনার বিষয়ে ভ্যান্স বলেন, পুরো সময়জুড়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন।
আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সহজ সত্যটি হলো, আমাদের এমন একটি ইতিবাচক প্রতিশ্রুতি দরকার ছিল যেখানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এমনকি পরমাণু অস্ত্র দ্রুত তৈরি করতে সক্ষম, এমন কোনও সরঞ্জামও তারা সংগ্রহ করবে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































