ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সমঝোতা হয়নি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। ফলে কোনও সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনও চুক্তি ছাড়াই তারা দেশে ফিরছেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান এবং তাদের ‘অসাধারণ আতিথেয়তার’ প্রশংসা করেন।
ভ্যান্স বলেন, আলোচনায় যে ঘাটতিগুলো রয়ে গেছে, সেগুলোর জন্য পাকিস্তানিদের দায়ী করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে এবং আমাদের ও ইরানের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই চেষ্টা করেছে। আমরা প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং ইরানিদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এটা ভালো দিক।
আরও পড়ুন<<>>ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় গুরুত্ব পাচ্ছে সাত বিষয়
তিনি আরও বলেন, খারাপ খবর হলো আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি খারাপ খবর। তাই আমরা কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছি। আমরা আমাদের ‘রেড লাইন’ কী, কোন বিষয়ে ছাড় দিতে পারি আর কোন বিষয়ে পারি না— সবই পরিষ্কারভাবে জানিয়েছি। কিন্তু তারা আমাদের শর্ত মেনে নেয়নি।
নিউক্লিয়ার বা পারমাণবিক ইস্যুটিকে এ আলোচনার মূল বাধা হিসেবে উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে এ মর্মে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায় যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এছাড়া দ্রুত অস্ত্র তৈরিতে সক্ষম এমন কোনো প্রযুক্তি বা সরঞ্জামও তারা অর্জন করতে পারবে না।
ভ্যান্স আরও যোগ করেন, ইরানের আগের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের মধ্যে সে সদিচ্ছা আছে কি না? আমরা এখন পর্যন্ত সে সদিচ্ছার প্রমাণ পাইনি। তবে আমরা আশা ছাড়ছি না। শেষ পর্যন্ত কোনো সমাধান না আসায় মার্কিন প্রতিনিধি দলটি এখন ওয়াশিংটনের পথে রওনা দিচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































