ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি।
জানা গেছে, কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটির খসড়া একাধিকবার সংশোধন করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পরে তা সরিয়ে ফেলা হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি’ সংক্রান্ত অংশও বাদ দিয়ে চূড়ান্ত খসড়ায় কেবল প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার কথা রাখা হয়।
আরও পড়ুন <<>> ইরানের বেসামরিক স্থাপনায় হামলা না চালানোর আহবান কানাডার
সভায় সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, এ প্রস্তাব নতুন কোনো বাস্তবতা তৈরি করছে না; বরং এটি ইরানের ধারাবাহিক বৈরী আচরণের বিরুদ্ধে একটি কঠোর বার্তা।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া—এর যেকোনো একটি দেশ ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































