Apan Desh | আপন দেশ

হাদী হত্যা মামলায় পশ্চিমবঙ্গে আরেক আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৪, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৫, ১৪ মার্চ ২০২৬

হাদী হত্যা মামলায় পশ্চিমবঙ্গে আরেক আসামি গ্রেফতার

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) আরও একজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফিলিপ সাংমা, যাকে নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ধরা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) এসটিএফ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে জেরা করার সময় ফিলিপ সাংমার নাম সামনে আসে। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলার পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ফিলিপ সাংমা সীমান্তে দালালচক্রের সঙ্গে যুক্ত এবং টাকার বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারের কাজ করতেন। প্রাথমিক জেরায় তিনি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশের হালুয়াঘাট থেকে ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত এলাকা ব্যবহার করে অনুপ্রবেশে সাহায্য করতেন। এছাড়া ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকেও ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন তিনি।

তদন্তে আরও উঠে এসেছে, পুলিশি চাপ বাড়ায় ফিলিপ সাংমাও একই সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। বাংলাদেশে ফেরার সময়েও তার সঙ্গে ফয়সাল ও আলমগীরের যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন <<<>>>আমিরাতের বাসিন্দাদের বন্দর এলাকা দ্রুত খালি করার নির্দেশ ইরানের

এসটিএফের মতে, এ গ্রেফতার সীমান্তপারের পালানোর রুট, দালালচক্র এবং পুরো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনার ক্ষেত্রে সহায়ক হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ওসমান হাদী হত্যা মামলার মূল দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করেছিল। ওসমান হাদি ছিলেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় গুলি করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৮ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলে, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়