Apan Desh | আপন দেশ

ইরানের শীর্ষ নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১২, ১৪ মার্চ ২০২৬

ইরানের শীর্ষ নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিসহ শীর্ষ বেশ কয়েকজন নেতাদের সম্পর্কে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যের জন্য মার্কিন পররাষ্ট্র দফতরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির অধীনে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এসব তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। একই সঙ্গে তথ্য দাতারা চাইলে পুনর্বাসনের সুযোগও পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য ১০ মিলিয়ন তথা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেনি, তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকায় থাকা অন্য নামের মধ্যে আছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।

আরও পড়ুন<<>>ইরানের তেলসমৃদ্ধ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

ব্যানারে নাম উল্লেখ না করে আরও চারটি পদের কথা বলা হয়েছে- সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দফতরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা।

ব্যানারের তথ্য অনুযায়ী, এ ব্যক্তিদের আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত প্রধান নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, শাখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা, আয়োজন ও বাস্তবায়নের জন্য দায়ী।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম জানায়, এ ব্যক্তিদের সম্পর্কে অথবা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্ক-ভিত্তিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এ প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ব্যানারটিতে উল্লেখ করা হয়েছে যে, যোগ্য বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হতে পারে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়