সংগৃহীত ছবি
সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য যুদ্ধের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটা নিশ্চিত।
যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সব সময় ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে।
আরও পড়ুন<<>>পাকিস্তানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা আফগানিস্তানের
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়ার কোনো সুযোগ নেই।
ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি। কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর।
তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এঙ্গ ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এছাড়া, সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































