ছবি : আপন দেশ
সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম ১২ দিনেই মারা গেছেন ৫২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৫ হাজার ১৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৬৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩২ জন রয়েছেন।
আরও পড়ুন <<>> সেপ্টেম্বরের ১৫ দিনে হামে ৬৩ শিশুর মৃত্যু
এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। মাসের প্রথম ১২ দিনে ৫২ জনের মৃত্যু হয়। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর এ তিন দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
ফলে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।
আপন দেশ/এসএস





































