ফাইল ছবি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হয় এ ক্যাম্পেইন। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটেও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল বিতরণ করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা খাওয়ানো যাবে। এ ছাড়া দেশের ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলায় আরও চার দিন বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য অধিদফর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানিয়েছে।
আরও পড়ুন<<>>হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
শিশুকে ভিটামিন এ কেন খাওয়াবেন
ভিটামিন এ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমাতে এবং চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রেখে অন্ধত্ব প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। কোনো শিশুর শরীরে ভিটামিন এ-এর ঘাটতি দেখা দিলে তার রাতকানা রোগ, চোখের নানান ক্ষত ও ক্ষতি, অন্ধত্ব, সংক্রমণের ঝুঁকি বৃদ্ধিসহ অপুষ্টিজনিত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ভিটামিন এ–এর ঘাটতিতে থাকা কোনো শিশু যদি হাম, ডায়রিয়া ইত্যাদিতে ভোগে, তাহলে তার মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
উল্লেখ্য, দেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে ১৯৭৩ সালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। ২০০৩ সালে এটি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নামে পৃথক কর্মসূচি হিসেবে চালু হয়। কিছু সময় বন্ধ থাকার পর ২০২৬ সালে আবারও এ কর্মসূচি শুরু হয়েছে। এবার বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
আপন দেশ/জেডআই




































