ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) জায়গা করে নিয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এ নির্বাচন বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ককে ঘিরে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা।
আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। এছাড়া প্রযোজনায় অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানগুলো, যা সিনেমাটিকে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে।
এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
উৎসবে থাকছে ক্যানস চলচ্চিত্র উৎসবে ‘ক্যামেরা ডি'অর’ জয়ী রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর ‘বেন’ইমানা’, জুরি প্রাইজপ্রাপ্ত জার্মান নির্মাতা বেলিস্কা গ্রিজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ এবং ক্যানস ক্রিটিকস উইকের বিজয়ী মারিন আতলাঁর ‘লা গ্রাদিভা’।
আরও পড়ুন <<>> মুজিব পরদেশী কারাগারে
এছাড়া ভেনিসের গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা মে এল-তৌখির ‘ওমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’, অ্যানিমেশন চলচ্চিত্র ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো আলোচিত সিনেমাও এবারের উৎসবে প্রদর্শিত হবে।
আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, সমালোচক ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা দেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































