ধানুশ। ছবি: সংগৃহীত
দক্ষিণী তারকা ধানুশ এবার আইনি জটিলতায় পড়েছেন। অভিযোগ, তিনি একটি সিনেমার শুটিং শেষ না করেই অন্য প্রজেক্টে সময় দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা থেনান্ডাল ফিল্মস তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।
‘ওয়ান ইন্ডিয়া’ তামিলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নান রুদ্রন’ সিনেমায় ২০১৬ সালে অভিনয় ও পরিচালনার জন্য ধানুশের সঙ্গে চুক্তি হয়। কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও সিনেমার শুটিং শুরু হয়নি। প্রযোজকরা দাবি করেছেন, একাধিক পরিবর্তনেও তারা ধানুশের সঙ্গে সমন্বয় করেছেন। তবুও তিনি পূর্ণাঙ্গ চিত্রনাট্য জমা না দেয়ায় প্রকল্প দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, ধানুশ সিনেমার কাজ শেষ না করে অন্য সিনেমায় সময় দেয়ায় ‘নান রুদ্রন’ মাঝপথে থমকে গেছে। এর ফলে প্রযোজকরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সংস্থার দাবি, প্রাথমিক পর্যায়ে প্রায় ২০ কোটি রুপি ব্যয় করা হয়েছিল।
প্রযোজকরা উল্লেখ করেছেন, সিনেমায় নাগার্জুন আক্কিনেনি ও এস জে সূর্যর মতো তারকাদের যুক্ত করার পরিকল্পনা ছিল। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ও প্রস্তুতিতেও যথেষ্ট ব্যয় হয়েছে।
আরও পড়ুন <<>> রুমিন ফারহানাকে অপু বিশ্বাসের অভিনন্দন
আইনি নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। ধানুশ এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
এর আগে ২০২৫ সালে ধানুশকে দেখা গেছে ‘কুবেরা’, ‘ইডলি কড়াই’ এবং ‘তেরে ইশক মে’ সিনেমায়। ‘তেরে ইশক মে’-তে তার সঙ্গে অভিনয় করেছেন কৃতি শ্যানন। সিনেমাটি বিশ্বব্যাপী ১৬১.৯৬ কোটি রুপির ব্যবসা করলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































