Apan Desh | আপন দেশ

সংসদে যাচ্ছেন যেসব ইসলামিক দলের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সংসদে যাচ্ছেন যেসব ইসলামিক দলের প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এক নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে। ১৯৭৩ সালের পর এ প্রথম দেশের আইনসভায় একাধিক ইসলামী ধারার রাজনৈতিক দল একসঙ্গে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। 

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের সংসদে ইসলামী দলগুলো সম্মিলিতভাবে ৭২টি আসনে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। অন্যদিকে ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপি জয় পেয়েছে ৬টি আসনে।

জামায়াতে ইসলামী ছাড়া ইসলামী ধারার বাকি তিনটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস মোট চারটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও বাকি দুই দল একটি করে আসনে জয় পেয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন পায়নি।

জানা গেছে, ‌‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-২ এবং মাদারীপুর-১ আসনে জিতেছে। মাদারীপুর-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ-২ আসনে দলটির প্রার্থী মাওলানা মুহাম্মাদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী।

অপরদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস ‘দেয়ালঘড়ি’ প্রতীকে সিলেট-৫ আসনে জয় পেয়েছে। এখানে মুফতি আবুল হাসান নির্বাচিত ঘোষিত হয়েছেন।

দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী দিলেও ‘হাতপাখা’ প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো একটি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়