Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

ডা. জাহিদ হোসেন। ছবি: আপন দেশ

দিনাজপুর-৬ আসনে জয় পাওয়ার পর নিজ বাসভবনে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে তিনি স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখে পানি দেখা যায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্যে তিনি বেগম জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। এছাড়া শহীদ, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।

ডা. জাহিদ বলেন, দীর্ঘ সময়ের আন্দোলনে শতাধিক সহকর্মী শহীদ হয়েছেন। গুম হয়েছেন প্রায় আটশোর বেশি নেতাকর্মী। অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে কষ্টে দিন কাটাচ্ছেন। বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শেষ সময়ে যে সহিংসতা দেশ দেখেছে, তা আর যেন কখনো ফিরে না আসে। নিরীহ মানুষের প্রাণহানির ঘটনাকে তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন।

নির্বাচনের ফলাফলকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রায় হিসেবে দেখছেন। তার ভাষ্য, এখন দায়িত্ব এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করার। কর্তৃত্ববাদ থেকে দেশকে বের করে সাংবিধানিক কাঠামোর ভেতরে পরিচালনাই মূল লক্ষ্য।

আরও পড়ুন <<>> নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

শহীদ ও নির্যাতনের শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। বলেন, তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের আত্মা শান্তি পাবে।

সবশেষে দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ হোসেন। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষার অঙ্গীকারও করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়