Apan Desh | আপন দেশ

আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর নতুন আশার আলো দেখছেন কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

খবরটি পৌঁছাতেই কলকাতার তথাকথিত ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত নিউ মার্কেট অঞ্চলে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে। দীর্ঘদিনের মন্দার পর আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন তারা। দোকানপাটে ফের ক্রেতা আসবে—এমন আশায় নতুন করে পরিকল্পনা শুরু হয়েছে।

নিউ মার্কেট বহু বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা নিতে আসা মানুষের বড় গন্তব্য। কেনাকাটার ক্ষেত্রেও এখানেই ভিড় করেন অনেকে। হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পোশাকের দোকান—সবখানেই বাংলাদেশি ক্রেতাদের ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব পড়ে ভিসা ও সীমান্ত পারাপারে। তখন কলকাতায় বাংলাদেশি আগমন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। নিউ মার্কেটকেন্দ্রিক ব্যবসায়ীরা পড়েন বড় ক্ষতিতে।

আরও পড়ুন <<>> ইরানে সরকার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো’ সমাধান হবে: ট্রাম্প

একজন হোটেল ব্যবসায়ী বলেন, আগে বেশির ভাগ কক্ষই বাংলাদেশি অতিথিতে ভরা থাকত। এখন সে চিত্র বদলে গেছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভিসা প্রক্রিয়া সহজ হলে পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে বলে তিনি আশা করছেন।

মানি এক্সচেঞ্জ ও ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরাও একই সুরে কথা বলেন। তাদের প্রত্যাশা, সম্পর্ক স্বাভাবিক হলে চিকিৎসা ভ্রমণ, কেনাকাটা ও পর্যটনে কলকাতায় বাংলাদেশিদের যাতায়াত আবার বাড়বে।

ব্যবসায়ীদের ভাষায়, নিউ মার্কেটের প্রাণই বাংলাদেশি ক্রেতারা। নতুন সরকারের অধীনে কূটনৈতিক সম্পর্ক উন্নত হবে—এ আশা থেকেই তারা হারানো ছন্দ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়