ছবি: আপন দেশ
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা নেটওয়ার্ক-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মেলার উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ আয়োজন সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ১০টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য ও উদ্যোগের প্রদর্শনী স্থান পেয়েছে। রয়েছে বাহারি খাবার, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল। শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও সংগৃহীত পণ্য প্রদর্শনের পাশাপাশি সেগুলো বিক্রিও করছেন। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আয়োজকদের এমন উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি, নিজেদের পণ্যের বাজার চাহিদা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। তাদের মতে, এ আয়োজন উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেয়ার অনুপ্রেরণা জোগাবে।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ‘কণ্ঠলহরী’র উদ্যোক্তা সানজানা তালুকদার বলেন, আজকের এ উৎসবমুখর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের থেকে এত সাড়া পেয়ে সত্যি অবাক লাগা কাজ করছে। পাশাপাশি নিজের প্রোডাক্টগুলোর স্ট্রং ও উইক পয়েন্টগুলো ধরতে পারছি। আমি আশা করি এগুলো আমার প্রোডাক্ট ও আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
আরও পড়ুন<<>>ইবি শিক্ষিকার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস ভিসির
শোভা ইসলাম বলেন, এ আয়োজনটির মাধ্যমে আমার পরিচিতি বাড়াতে পারছি। যেহেতু আগামীতে আমি আমার প্রোডাক্ট নিয়েই আগাতে চাই সেহেতু আজকের আয়োজনটি আমার জন্য একটি সুযোগ হিসেবে আমি মনে করছি।
পারভেজ সরকার বলেন, আগে বিভিন্ন বিভাগ কর্তৃক এসব আয়োজন করা হইত কিন্তু এবারে প্রথম কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে একটা আয়োজন করা হয়েছে। আমার কাছে মূলত ছেলেদের জুতা, লোফার, স্টেপ, মানিব্যাগ, বেল্ট ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং ক্রেতাদেরও বেশ সাড়া পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত করা হলে আমাদের মতো তরুণ উদ্যোক্তোরা আরও অনুপ্রাণিত হবে।
এদিকে মেলায় ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করছেন এবং পছন্দের পণ্য কিনছেন। পাশাপাশি নানা ধরনের খাবারের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লুনা বলেন, এখানে বিভিন্ন স্টল উঠেছে। কেউ জুয়েলারি বা কেউ খাবারের স্টল। আমি বিভিন্ন জিনিস কিনলাম সাথে নানা ধরনের খাবার খেয়েছি। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে।
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়ন্ত কর্মকার বলেন, এখানে মেয়েদের অর্নামেন্টসের পাশাপাশি ছেলেদেরও বেশ কালেকশন রয়েছে। আর প্রত্যেকটি প্রোডাক্ট এবং স্টলের কোয়ালিটি খুবই ভালো। একই সঙ্গে সহপাঠীদের উদ্যোগকে উৎসাহিত করতে পারছি। বাইরের বাজারের তুলনায় এখানে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































