ফাইল ছবি, আপন দেশ
চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানে এমন তথ্য ওঠে এসেছে।
জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনের সময় মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ। আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক এসব হামলায় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কখনো আন্দোলন চলাকালে, কখনো আসামি গ্রেফতার অভিযানে, আবার কখনো নিয়মিত টহলের সময় দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়ছেন পুলিশ সদস্যরা। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন কিংবা গুরুতর আহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য ঝুঁকি এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেয়া হয়েছে পুলিশ সদস্যদের।
আরও পড়ুন<<>>গোপালগঞ্জে পুলিশ প্রশানের শীর্ষ দুই পদে পরিবর্তন
তবে পুলিশ সদরদফতরের দাবি, অপরাধীরা পুলিশকে দুর্বল করার চেষ্টা করলেও তাতে সফল হবে না। এ বিষয়ে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। দায়িত্ব পালনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করছি।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংস কর্মকাণ্ড বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন।
অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় ও সদস্যদের লক্ষ্য করে হামলার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার স্বার্থে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এসব সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ ছাড়া অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চেকপোস্ট ও টহল দলের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































