ফাইল ছবি, আপন দেশ
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বদলি নীতিমালা মেনে বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের http://ngttdshe.teletalk.com.bd-এ লিংকে তার মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন<<>>শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড
নির্দেশনায় বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।
আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।
আবেদনকারী শিক্ষক স্বামী/স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থল (শুধু সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বুঝাবে) জেলায় বদলির আবেদন করতে পারবেন।
বদলি সফটওয়্যারে এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































