Apan Desh | আপন দেশ

এসএমই পণ্য মেলা রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৫, ২১ নভেম্বর ২০২৬

এসএমই পণ্য মেলা রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

দেশের শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ রোববার (২২ নভেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

শনিবার (২১ নভেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। 

উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান : মন্ত্রী জানান, আগামীকাল রোববার (২২ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। 

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক। 

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), বর্ষসেরা স্টার্টআপ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা—এ ৮টি ক্যাটাগরিতে ৮ জন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

মেলার অংশগ্রহণ ও আয়োজন : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো প্রবেশ ফি ছাড়াই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিদেশি বা আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শন কিংবা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

এবারের মেলায় সারাদেশের ৪০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :

ফ্যাশন ডিজাইন: ৯৮টি, পাদুকা ও চামড়াজাত পণ্য: ৩৭টি, পাটজাত পণ্য ও হস্ত-কারু শিল্প: ৩৫টি করে (মোট ৭০টি), কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ: ৩০টি, হালকা প্রকৌশল শিল্প: ১৬টি, জুয়েলারি পণ্য: ১৩টি, হারবাল ও প্রসাধনী: ৯টি, আইসিটি খাত: ৭টি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্য: ৩টি। 

এছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের ৭টি দফতর-সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রায় সাড়ে ৩০০ প্রতিষ্ঠান এবং ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন <> খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঋণ সুবিধা, সেমিনার ও সংলাপ : মেলায় উদ্যোক্তারা ব্যাংকারদের সাথে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। 

এছাড়া ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে সহজ অর্থায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাজারজাতকরণ বিষয়ে ৩টি সেমিনার ও ১টি সংলাপ অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান উপস্থিত থাকবেন।

অর্থনীতিতে এসএমই খাতের অবদান : প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের মোট ১ কোটি ১৭ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের। 

শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ (প্রায় ৩.০৬ কোটি) এই খাতে কর্মরত এবং জিডিপিতে এর অবদান প্রায় ৩০ শতাংশ। 

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ উদ্যোক্তা উপকৃত হয়েছেন, যাদের ৬০ শতাংশই নারী। 

এবারের মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সিটি ব্যাংক এবং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ব্র্যাক ব্যাংক যুক্ত রয়েছে। 

সংবাদ স‌ম্মেল‌নে ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও শিল্পসচিব আব্দুন নাসের খান উপ‌স্থিত ছি‌লেন।

 

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়