ফাইল ছবি
প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ধরে রেখেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা প্রায় ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারের সমান।
রোববার (০৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বর্তমান বাজারদর অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে এপ্রিল মাসের এ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
আরও পড়ুন <<>> রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ রোববার
এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে এ পরিমাণ ছিল ৩১৭ কোটি ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা বৃদ্ধি পেয়েছে। হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের আস্থা বেড়েছে।
এসব কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা সহজ হবে। একই সঙ্গে সামষ্টিক অর্থনীতিতেও স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































