ছবি: আপন দেশ
বিদায়ের দ্বারে কার্তিক, হেমন্তের অর্ধেক শেষ। জলবায়ু পরিবর্তনের কারণে এখনও তাপমাত্রা ঘাম ঝড়ায়। তবে কৃষকরা আশায় বসে থাকেননি। বেশি লাভের আশায় সবজির আগাম চাষ করেছেন। রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। বরং বেশির ভাগ সবজির দাম এখনো চড়া।
অন্যদিকে, আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে হিসাব করেই বাজার করছেন ক্রেতারা। প্রয়োজনের তুলনায় কম কিনছেন অনেকে। বিক্রেতাদের ভাষ্য, মানুষের আয় কম, কিন্তু পণ্যের দাম বেশি। যার যেমন সামর্থ্য, তিনি তেমনই কিনছেন।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শান্তিবাগ, মালিবাগ, শহীদবাগ, খিলগাঁওসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা, কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ৯০ টাকা দরে। গত সপ্তাহে শিমের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। শসা ৮০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা এবং করলা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি লাউয়ের দাম ৫০ টাকা।
এ ছাড়া ধনেপাতা ৬০ থেকে ৭০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পটল ২০ থেকে ২৫ টাকা এবং চিচিঙ্গা ও ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর কেজি ৩০ টাকা। প্রতি ডজন বাদামি ব্রয়লার মুরগির ডিম ১৪০ টাকা, সাদা ডিম ১৩০ টাকা এবং হাঁসের ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন<<>>রমজানে ১১ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ উদ্যোগ
মাছের বাজারে মাঝারি আকারের পাঙ্গাশ, কৈ ও মৃগেল প্রতি কেজি ২২০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা, টেংরা ৬০০ টাকা, পাবদা ৩২০ থেকে ৩৫০ টাকা, মাঝারি আকারের রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা এবং কাতল ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
বাজারে ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। প্রায় ২৫০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। এ ছাড়া পোয়া ৫০০ টাকা, বাইলা ১ হাজার টাকা, শিং ৩৫০ টাকা এবং দেশি সরপুঁটি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের গলদা চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার টাকা।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। লেয়ার ও সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা। গরুর মাংস কেজি ৮০০-৮৫০ টাকা। হাড় ছাড়া ১১ শ’ টাকা কেজি। খাসির মাংসের কেজি ১২০০ থেকে ১৪০০ টাকা।
শান্তিবাগ এলাকার সবজি বিক্রেতা মো. আবুল হোসেন বলেন, ‘মানুষের আয় কম, জিনিসের দাম বেশি। যার যেমন আয়, সেভাবেই কেনে। হিসাব করে চলতে হয়। সবজি কেনা দামেও অনেক সময় বিক্রি করা কঠিন হয়ে পড়ে।’
রাফান নামে আরেক বিক্রেতা বলেন, ‘প্রতিদিন অল্প করে সবজি আনি। এতে দিনের সবজি দিনেই বিক্রি হয়ে যায়। যা আয় হয়, তা দিয়েই সংসার চলে যায়। আলহামদুলিল্লাহ।’
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































