Apan Desh | আপন দেশ

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। জানুয়ারি মাসে দেশে এসেছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ৩৮,৬৭৪ কোটি টাকা। এটি একক মাস হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

রোববার (০১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের প্রস্তুতি এবং রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে ও দেশে অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে দৃঢ় বৃদ্ধির চিহ্ন দেখা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

গত ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার। এটি একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ৩২৯ কোটি ডলার, যা গত বছরের মার্চে ঈদুল ফিতরের সময় বেশি পাঠানো হয়েছিল।

আরও পড়ুন <<>> বীমা খাতে উৎকর্ষতার স্বীকৃতি দিল আইডিআরএ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩,২৮২ কোটি ডলার। এটি দেশের বৈদেশিক মুদ্রার মজুতের প্রায় সমান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ের বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের কর্মকর্তারা জানান, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও কমেছে। পাশাপাশি, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকায় বৈধ পথে প্রবাসী আয় দেশে প্রবাহিত হচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ৯৪৪ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৮ শতাংশ বেশি। পূর্ব অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল এক হাজার ৫৯৬ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৬২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২৮ বিলিয়ন ডলার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়