Apan Desh | আপন দেশ

কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪০, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪১, ৮ নভেম্বর ২০২৬

কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সালাউদ্দিন টুকু

ছবি: আপন দেশ

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি বলেন, সমবায়ের মূল শক্তিই হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।

রোববার (০৮ নভেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। 

আরও পড়ুন<<>>চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন। এরপর তিনি শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ‘সমবায় পণ্য মেলা’র স্টলগুলো পরিদর্শন করেন। তিনি মেলায় বিভিন্ন সমবায়ী সংগঠনের পক্ষ থেকে অংশ নেয়া নান্দনিক পণ্যের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ সমবায়ীরা। 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সমবায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়