Apan Desh | আপন দেশ

সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৯, ৮ নভেম্বর ২০২৬

সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিত

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়ক নির্মাণ করা হচ্ছে।

রোববার (০৮ নভেম্বর) বেলা ১২টায় সান্তাহার পৌর শহরের সাইলো সড়ক থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

পৌরসভা সূত্রে জানা যায়, সাইলো সড়ক থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা। অন্যদিকে, তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সব মিলিয়ে ৭৯৬ মিটার দীর্ঘ দুটি সড়ক নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। 

আরও পড়ুন<<>>কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সালাউদ্দিন টুকু

সড়ক দুটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সুবিধাও বাড়বে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা লুদি ও ফজলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা এবং পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম প্রমূখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়