Apan Desh | আপন দেশ

রূপকথার ডাবল সেঞ্চুরিতে উইজডেনে তাওহীদ হৃদয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৩, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৪, ৮ নভেম্বর ২০২৬

রূপকথার ডাবল সেঞ্চুরিতে উইজডেনে তাওহীদ হৃদয়

ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহীদ হৃদয়ের অবিস্মরণীয় ২৪২ রানের মহাকাব্যিক ইনিংসটি বিশ্ব ক্রিকেটের মনোযোগ কেড়েছে। যার ফলস্বরূপ মর্যাদাপূর্ণ ক্রিকেট সাময়িকী 'উইজডেন'-এর বিশেষ রেকর্ড তালিকায় শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছেন তিনি।

খাদের কিনারে পড়া বাংলাদেশকে একাহাতে টেনে তুলে হৃদয় টেস্ট ক্যারিয়ারের প্রথম শতককেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা।

প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন পরিস্থিতিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যখন খাদের কিনারায় ধুঁকছিল স্বাগতিকরা। মাত্র ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ছিল তারা। তখন দলের ত্রাতা হয়ে উইকেটে আসেন হৃদয়। পাহাড় সমান চাপ সামলে এক মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। 

৩৫৯ বলের মুখোমুখি হয়ে ২২টি চোখ জুড়ানো চার এবং ১১টি বিশাল ছক্কায় সাজান তার অনবদ্য ২৪২ রানের অপরাজিত ইনিংসটি। তার এ বীরত্বপূর্ণ লড়াইয়ে ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সংগ্রহ করে গুরুত্বপূর্ণ ৩৮৬ রান এবং আদায় করে নেয় ৩০ রানের অমূল্য লিড।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

এ একটিমাত্র ইনিংসেই একাধিক রেকর্ডের বরফ গলিয়েছেন হৃদয়। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের করা অপরাজিত ২১৯ রান ছিল টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সে রেকর্ড ভেঙে এখন নতুন চূড়ায় উঠেছেন হৃদয়। শুধু তাই নয়, দেশের টেস্ট ইতিহাসে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়ার বিরল কীর্তিও গড়েছেন তিনি।

হৃদয়ের এ বিশ্বমানের ব্যাটিং নৈপুণ্য নজর এড়ায়নি ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেট’-এরও। গত এক শ বছরে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসগুলোর একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন, যেখানে চতুর্থ স্থানে রয়েছে তাওহীদ হৃদয়ের নাম।

গত এক শতাব্দীর এ বিশেষ তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের করুণ নায়ার (২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩০৩ রান)। দ্বিতীয় স্থানে পাকিস্তানের কিংবদন্তি জহির আব্বাস (১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৪ রান) এবং তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের কনরাড হান্টে (১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ২৬০ রান)। তাদের ঠিক পরেই চতুর্থ স্থানে নিজের নাম খোদাই করে নিলেন বাংলাদেশের তাওহীদ হৃদয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়