ছবি: সংগ্রহীত
বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নন, গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা।
নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।
স্থানীয় সময় শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (০৮ নভেম্বর)) আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব তার হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।
নতুন সরকার গঠনের জন্য এখন ২৮ দিন সময় পাবেন দেশটির সাবেক সেনাপ্রধান আইজেনকট। তবে প্রয়োজনবোধে এ মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে আইজেনকট লেখেন, এখন সময় এসেছে একটি জাতীয় জরুরি সরকার গঠনের। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব।
ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সবসময়ই জোট সরকার গঠিত হয়ে আসছে।
১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং তার অতি-ডানপন্থি ও আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকটের মধ্যপন্থি ‘ইশার’ পার্টি এবং তার ব্লকের অপর তিনটি বিরোধী দল মিলে আসন পেয়েছে ৪৮টি।
তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দুই আরব জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট। আরব ভোটারদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় জোট দুটি একসঙ্গে রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে।
এমন ফলাফলে আরব দলগুলো সরকার গঠনের অন্যতম কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও একটি ব্যতিক্রমি দল ছাড়া সবকটি ইহুদি রাজনৈতিক দলই নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে কোনো সরকার না গড়ার অঙ্গীকার করেছিল।
সপ্তাহজুড়ে সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজোগ জানান, তিনি সরকার গঠনের প্রথম সুযোগটি আইজেনকটকেই দিতে যাচ্ছেন।
আরও পড়ুন<<>>হুতিদের মোকাবিলায় সৌদি সেনা পাঠাচ্ছে সিরিয়া
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যে আইজেনকট ও নেতানিয়াহু উভয়কেই অবহিত করা হয়েছে।
নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬ জনের—উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
ইসরায়েলি আইন অনুযায়ী, সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই যে সরকার গঠনের জন্য ডাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যিনি জোট গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন, তাকে বেছে নেয়ার পূর্ণ এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে।
নির্বাচনের এ ফলাফলের পর সরকার গঠনের তিনটি পথ খোলা থাকছে—নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট (যেখানে আইজেনকট জোটের এমপিদের ভাগিয়ে আনার প্রয়োজন হতে পারে) অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের নেতৃত্বাধীন সরকার।
আইজেনকট ও তার ব্লকের প্রায় সব সদস্য এতদিন আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। তবে পর্দার আড়ালে কোনো ধরনের সমঝোতা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
এর বাইরে তিনি আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও চুক্তি করার চেষ্টা চালাতে পারেন, যদিও সেটি বেশ কঠিন ও জটিল এক হিসাব।
অবশ্য ইসরায়েলে ঐক্যের সরকার গঠনের ইতিহাস নতুন নয়। এর আগে ২০২০ সালে পরপর তিনটি নির্বাচন অচল হয়ে পড়লে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের (রোটেশনাল গভর্মেন্ট) ভিত্তিতে একটি চুক্তি করেছিলেন।
নির্বাচনের পর থেকেই আরেকটি পুনঃনির্বাচন এড়ানো এবং একটি স্থিতিশীল সরকার গড়ার ওপর জোর দিয়ে আসছেন প্রেসিডেন্ট হারজোগ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলাকালে তিনি মন্তব্য করেন, বর্তমান বাস্তবতায় দল ও তাদের প্রতিনিধিদের বুঝতে হবে—সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষা করা সব সময় সম্ভব হয় না।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইসরায়েল। নেতানিয়াহু ও তার বিরোধীদের মধ্যে সমঝোতার অভাবে সে সময় তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































