Apan Desh | আপন দেশ

ছুরিকাঘাতে আহত যুবদলকর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৮, ২৯ অক্টোবর ২০২৬

ছুরিকাঘাতে আহত যুবদলকর্মীর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত এক যুবদলকর্মী আবু ইউসুফ জীবন (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে।

আবু ইউসুফ জীবন নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জীবনকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ হামলার জন্য জীবনের পরিবারের পক্ষ থেকে মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান ও তার অনুসারীদের দায়ী করেছেন।

আরও পড়ুন<<>>রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ শুরু

বায়েজীদ বোস্তামি থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পায়ে প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়েছিল। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, হামলার ঘটনায় বুধবার জীবনের মা বাদী হয়ে জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। সেটি এখন ধারা পাল্টে হত্যা মামলা হবে।

স্থানীয়রা বলছেন, নিহত আবু ইউসুফ জীবন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি জুয়েলের পক্ষ ছেড়ে অন্য নেতার পক্ষ নিয়েছেন। এ কারণে জুয়েল ও অনুসারীরা তার ওপর ক্ষুব্ধ হয়।

এর জের ধরে মঙ্গলবার রাতে জুয়েলের অনুসারীরা জীবনের ওপর এলোপাথারি হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়