ছবি : আপন দেশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষিজমির পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম হাছিনা বেগম (৪৫)। তিনি চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্থানীয় বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেপাই (ফাঁদ) আনতে যান স্থানীয় কয়েকজন। এসময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
আরও পড়ুন <<>> এখানে শ্যামা বাবুর খাল ছিল
এলাকাবাসীর বরাতে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মানুষ মাছ ধরার টেপাই (ভোলং) উঠাতে এসে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী জড়ো হন। পরে তিনি দেবীগঞ্জ থানায় খবর দেন।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































