ছবি: আপন দেশ
প্রকৃতিতে এখন চলছে শরৎকাল। শীতকাল আসতে এখনও বাকি দুই মাস। তবে দেশের উত্তরজনপদে একটু আগেই নামে শীত। উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। সেসঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহাওয়া। দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর এই অনুভূতি আরও বেড়ে যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলায় এমন চিত্র দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাতে ও ভোরে ঘন কুয়াশা পড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে ভোরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছে। কুয়াশায় সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে যৌননিগ্রহের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা পড়েছে। শহরে সেপ্টেম্বরের শেষের দিকে কুয়াশার ঘনত্ব বাড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে সেটির দেখা মিলেছে।
শহরের রিকশা চালাক আলিম উদ্দিন বলেন, প্রত্যেক দিন ভোরে গাড়ি নিয়ে বের হই। আজকে বের হয়ে দেখি সকাল থেকে চারদিকে কুয়াশা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, কয়েকদিন ধরে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজকে সকাল ৬টায় সর্বনিম্ন ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































