বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
বর্তমান সরকার জনগণকে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাব। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন। দাবি আদায় করেই ফিরব। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (০৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেনো কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কী? কী কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?
তিনি বলেন, আমরা খবর পাচ্ছিলাম রাস্তায় কেউ বাধা দেবে। রাস্তায় বাধা দিলে, দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছাব। আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবই।
আরও পড়ুন<<>>সরকার গঠনের ৬ মিনিটের আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা
ঢাকা থেকে যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইলে এক পথ সভায় বিরোধীদল নেতা বলেন, আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। গ্যাস, বিদুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না।
এর আগে, ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়।
১১ দলের দাবিগুলো হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
আপন দেশ/জেডআই/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































