ছবি: আপন দেশ
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার সময় বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
বুধবার (২৬ আগস্ট) সকালে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতির জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মিনা রানী ভৌমিক দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় তিনিও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হন।
পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দুজনকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন<<>>পটুয়াখালীতে নৌযান শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ
প্রতিবেশী নব কুমার দাস বলেন, সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘাস কাটার শব্দ শুনে গোয়ালঘরের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি অমরেন্দ্র নাথ মাটিতে পড়ে আছেন। তার স্ত্রী ঘাস কাটার মেশিন ধরে দাঁড়িয়ে ছিলেন এবং তার পুরো শরীর কাঁপছিল। তখন বুঝতে পারি তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































