প্রতীকী ছবি
খুলনার রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরে জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত ২৬ বছর বয়সি রাজু শিকদার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে মারধরে আহত যুবক সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজু নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এতে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন রাজুকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে।
এক পর্যায়ে তাকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। পরে আশপাশের আরও লোকজন সেখানে জড়ো হয়ে তাকে পিটুনি দেন।
আরও পড়ুন<<>>কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহকারী পুলিশ কমিশনার বলেন, রাজুর সঙ্গে থাকা শিশুটি তার পরিচিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজনের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যেই মারধরের ঘটনায় জড়িত দুজনকে হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































