ছবি : আপন দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনো ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে তা প্রতিহত করেন।
আরও পড়ুন : সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেয়া হবে না।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































