ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জের জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (০৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
এর আগে, শনিবার (০৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে। অপর আসমি পিয়াস একই গ্রামের আলী আহমেদের ছেলে।
নিহত রাকিব ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।
র্যাব জানায়, উপজেলার খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা তার চাচার কাছ থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুন <<>> কেশবপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল
এর জেরে শনিবার (৩০ মে) বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে রাকিবকে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































