Apan Desh | আপন দেশ

বাগেরহাটে খাল পুনরুদ্ধারে মাঠে এমপি-জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৬, ৪ জুলাই ২০২৬

বাগেরহাটে খাল পুনরুদ্ধারে মাঠে এমপি-জেলা প্রশাসক

ছবি: আপন দেশ

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেল ভাশানী খাল দখলমুক্ত করতে গিয়ে দখলকারীদের আপত্তির মুখে পড়ে জেলা প্রশাসন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে খালে চাষ করা মাছ তুলে নেয়ার জন্য দখলকারীদের দুই সপ্তাহ সময় দেয়া হয়।

শনিবার (০৪ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসন দেল ভাশানী খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাট-২ আসনের এমপি মনজুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সালে খালটির ইজারার মেয়াদ শেষ হয়। নতুন করে আর কোনো ইজারা দেয়া হয়নি। এরপরও প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। তাদের দাবি, মাছ চাষের জন্য খালে লবণ পানি প্রবেশ করানোয় কৃষিকাজ, পানি নিষ্কাশন ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন

অন্যদিকে খাল দখল করে মাছ চাষকারীরা প্রশাসনকে জানান, খালে তাদের প্রায় ২০ লাখ টাকার মাছ রয়েছে। তাৎক্ষণিকভাবে বাঁধ অপসারণ করা হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই মাছ তুলে নেয়ার জন্য তারা কিছু সময় চান।

মনজুরুল হক রাহাদ বলেন, দেলভাসানী খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করতে সরকার বদ্ধপরিকর। কোনো প্রভাবশালী মহল আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।

গোলাম মো. বাতেন বলেন, খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ধাপে ধাপে সব অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ করা হবে। সরকারি খাল কোনোভাবেই ব্যক্তিগত দখলে থাকতে দেয়া হবে না। উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে খালে থাকা মাছ ধরে নেয়ার জন্য দখলকারীদের দুই সপ্তাহ সময় দেয়। নির্ধারিত সময়ের মধ্যে খাল দখলমুক্ত না হলে আইনানুগ ব্যবস্থা নিয়ে খাল পুনরুদ্ধার করা হবে বলে জানানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। প্রশাসনের এ সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও মাছ চাষকারীরা সম্মতি জানান।
 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়