ছবি : আপন দেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ হঠাৎ কয়েক দফায় লাইট বন্ধ করে দেয়ায় পুশইন আতঙ্ক ছড়িয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
পাশাপাশি সীমান্তে লোকবল ও টহল বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
শুক্রবার (০৩ জুলাই) রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই চাকপাড়া সীমান্তে লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, ভারতের অভ্যন্তরে বেশ কয়েকজন নারী-পুরুষকে শূন্যরেখায় নিয়ে এসেছে বিএসএফ। এমন খবরে পুশইনের আশঙ্কায় লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন স্থানীয়রা।
রাত ১২টা পর্যন্ত কয়েক দফায় লাইট বন্ধ রাখা হলেও কোনো পুশইনের ঘটনা ঘটেনি। এমনকি সীমান্তের আশপাশে বিএসএফ ছাড়া আর কাউকে দেখা যায়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন : জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
তিনি জানান, কাউকে পুশইনের কোনো খবর আমাদের কাছে নেই। সীমান্তে লাইট বন্ধ করে দেয়ার কারণে এলাকাবাসী মনে করছে বিএসএফ কাউকে পুশইন করতে পারে। এ কারণে তারা সীমান্তে অবস্থান নিয়েছে। বিজিবি সদস্যরাও চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































