Apan Desh | আপন দেশ

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল গ্রেফতার  

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২৪, ২২ জুন ২০২৬

আপডেট: ২১:৩৭, ২২ জুন ২০২৬

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল গ্রেফতার  

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শাকিল হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) রাতে কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে চাঁদড়া গ্রামের নজরুল ইসলাম কবিরের ছেলে এবং ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।

থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা বৃহস্পতিবার (১১ জুন) কেশবপুর  উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের উপরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করে। সে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। 

এ ঘটনায় কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে মামলা করে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জানকে আসামি করা হয়।

মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এর আগে ১১জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে। সে অভিযানের অংশ হিসেবে রোববার (২১ জুন) রাতে ছাত্রলীগ নেতা শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন<<>>নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার

মামলায় এর আগে গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১), বাগদহা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুজাহিদ, দেউলী গ্রামের মেম্বার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা (২০), কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন,  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়