Apan Desh | আপন দেশ

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ২৬ মে ২০২৬

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

ফাইল ছবি, আপন দেশ

আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এ বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির হালহকিকত ও দিকনির্দেশনা এ বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে জাতিকে একটি যুগোপযোগী বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসবে। 
মঙ্গলবার (২৬ মে) বিকেলে ৫ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন।

স্পিকার আমরা আশা করে বলেন, সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, তাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। বাজেটে উন্নয়নকাজ আরও ত্বরান্বিত করা হবে। বাজেট অধিবেশনের পর অর্থনীতির মূল চিত্র জনগণের সামনে আসবে। বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশ বিনিয়োগ করতে আসবেন। 

তিনি বলেন, সরকারি দল বাজেট দেবে আর বিরোধী দল সমালোচনা করবে। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।
 
আমি দেখব যেন বিরোধী দল দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের অধিবেশনেও লক্ষ করেছি। এখনো আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে।

স্পিকার আরও বলেন, আমার ধারণা, এখন পর্যন্ত আমাদের এ জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে এবং আগামী দিনে আরও ভালো ভূমিকা রাখবে। 

তিনি আশাপ্রকাশ করে বলেন, এ সংসদকে নিয়ে দেশবাসীর যে আশা-আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেক সংসদ সদস্য আরও উদ্যোগী হবেন।  

আরও পড়ুন<<>>হাসিনাকে বিচারের মুখোমুখী হওয়ার আহবান রিজভীর

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেজর হাফিজ বলেন, গত অনেকগুলো বছর আমরা সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি। একটা ভয়ের আবহ ছিল সারা দেশে। ফলে রাজনৈতিক কর্মীরা নানাভাবে নির্যাতিত ও হেনস্তা হয়েছেন। রাজনীতির নামে মাস্তানি এবং দুর্বৃত্তায়ন জেঁকে বসেছে সারা বাংলাদেশে। এখন একটি নির্বাচিত সরকার তিন মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। আশা করি, সে ভয়ের আবহ অনেকটা কেটে গিয়েছে। তাই আশা করি, এবারের ঈদ জনগণের জন্য স্বস্তির ঈদ হবে।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়