ফাইল ছবি
নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের পায়রা চত্বরের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও একটি কন্যা সন্তানের জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন। প্রসূতি মর্জিনা বেগম (২২) সদর উপজেলার করিমপুর এলাকার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী।
একসঙ্গে তিন নবজাতকের আগমনে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।
ক্লিনিকটির পরিচালক আরিফুল ইসলাম আবির জানান, গাইনি সার্জন ডা. সুমাইয়া আজরীনের নেতৃত্বে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ডা. সুমাইয়া আজরীন বলেন, অপারেশনটি কিছুটা জটিল ছিল। তবে অভিজ্ঞ চিকিৎসক দলের কারণে মা ও নবজাতকদের নিরাপদ রাখা সম্ভব হয়েছে।
তিনি জানান, মা ও তিন শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তারা রয়েছেন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন স্বজন ও উৎসুক মানুষজন। অনেকেই নবজাতকদের একনজর দেখতে সেখানে যান। হাসপাতালজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন <<>> টিকটক করতে গিয়ে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
প্রসূতির বাবা আব্দুল হেকিম বলেন, প্রথমে তারা অনেক দুশ্চিন্তায় ছিলেন। পরে মা ও সন্তানদের সুস্থ থাকার খবর শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
প্রসূতির মা মাফিয়া বেগম বলেন, একসঙ্গে তিন সন্তান জন্ম নেয়ায় পরিবারে আনন্দের জোয়ার বইছে। তিনি সবার কাছে নবজাতকদের জন্য দোয়া চেয়েছেন।
চিকিৎসকদের মতে, একসঙ্গে তিন সন্তানের জন্ম তুলনামূলক বিরল ঘটনা। তবে সময়মতো চিকিৎসা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে মা ও নবজাতক সুস্থ থাকেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































