Apan Desh | আপন দেশ

গাজীপুরে ৫ হত্যা

মরদেহের ওপরে লিখিত অভিযোগ, নেপথ্যে কী

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ৯ মে ২০২৬

মরদেহের ওপরে লিখিত অভিযোগ, নেপথ্যে কী

ছবি: আপন দেশ

গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্ত্রী, তিন সন্তান ও শ্যালকের গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহের ওপর একই ধরনের কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র উদ্ধার করেছে পুলিশ। সেখানে নিহত স্ত্রীকে ঘিরে পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

শনিবার (০৯ এপ্রিল) সকালে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি প্রবাসী বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)। অভিযুক্ত ফোরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, প্রতিটি মরদেহের ওপর একটি করে লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে লেখা ওই চিঠিতে ফোরকান দাবি করেছেন, তার স্ত্রী শারমিন তার উপার্জিত ১০ লাখ টাকা নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। পাশাপাশি রাজু নামের এক খালাতো ভাইয়ের সঙ্গে শারমিনের পরকীয়া সম্পর্ক ছিল বলেও উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গত ৩ মে শারমিন, তার কথিত প্রেমিক এবং শ্বশুরবাড়ির লোকজন ফোরকানকে একটি কক্ষে বেঁধে মারধর ও নির্যাতন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পাঁচটি মরদেহের কাছ থেকেই একই ধরনের টাইপ করা অভিযোগপত্র উদ্ধার করা হয়েছে। এগুলো সত্যিই থানায় জমা দেওয়া হয়েছিল কি না, নাকি শুধু ঘটনাস্থলে রাখার জন্য তৈরি করা হয়েছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন <<>> গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফোরকান মিয়া পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার (০৮ মে) গভীর রাতে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

নিহত শারমিন খানম গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামের মো. শাহাদাত মোল্যার মেয়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়