Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হালিম বাহিনীর প্রধান নিহত

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৮, ৫ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হালিম বাহিনীর প্রধান নিহত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন হালিম বাহিনীর প্রধান কেফায়েত উল্লাহ হালিম। এ হামলার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দায়ী বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্লাহ হালিম কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন।

সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) এলাকা থেকে কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে নিজ নিজ শেডে ফিরছিলেন।

পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট এবং ৭ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন <<>> মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

খবর পেয়ে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠান। পরবর্তীতে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়