ছবি সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে মৃত মায়ের কবরের পাশে বসে এক এতিম শিশুর হৃদয়বিদারক কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি আমলে নিয়ে শিশুটি ও তার সৎমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনা হয়। ওই নারীকে ডেকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা হারানোর শোক বুকে নিয়ে ছোট্ট ছামিয়া আক্তার (১২) কবরের পাশে বসে অঝোরে কাঁদছে।
স্থানীয়রা জানান, সৎ মায়ের আচরণে অতিষ্ঠ হয়ে এমন অবস্থায় পড়ে শিশুটি।
ঘটনার পরপরই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিশুটি ও তার সৎ মা আয়েশা আক্তারকে ইউএনও কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে সৎ মা নিজের আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এমন কিছু না করার অঙ্গীকার করে মুচলেকা দেন। এ সময় লালমাই থানার ওসি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও জানান, আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































