মাওলানা হাবীবুর রহমান হেলালী।
কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী উত্তাপের মধ্যে নগদ ২ লাখ টাকাসহ এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। আটককৃত ব্যক্তির নাম মাওলানা হাবীবুর রহমান হেলালী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এসময় তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যান।
ইউএনও আব্দুল রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েননি বিধায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ খবরটি এখনই শুনলাম। খোঁজ নিয়ে জেনে পরে বিস্তারিত জানাতে পারব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































