Apan Desh | আপন দেশ

বাংলাদেশি পাঁচ হাজার কৃষি শ্রমিক নেবে ওমান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ৬ আগস্ট ২০২৬

বাংলাদেশি পাঁচ হাজার কৃষি শ্রমিক নেবে ওমান

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহী মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) এমন ঘোষণার পর দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সর্বমোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের একটি অনুমোদিত কোটা সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে। তারা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে কেবল ওএএ-এর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা এ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদনকারীদের কৃষি জমির মালিকানা বা ইজারা সংক্রান্ত সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের জন্য ফসলের ধরন ও চাষকৃত জমির বিবরণসহ ‘কৃষি আবাদ ফরম’-এর অনুলিপি জমা দিতে হবে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে আবেদন গ্রহণ করা হবে। 

আরও পড়ুন<<>>প্রবাসীদের পাসপোর্টের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেসের একটি অফিসের মালিক ওমান ডেইলি অবজারভারকে জানান, ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর সদস্যদের জন্য সর্বমোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের একটি অনুমোদিত কোটা সংরক্ষিত রয়েছে।

এ শ্রমিকদের ওমানের বিভিন্ন গভর্নরেটের মধ্যে ভাগ করে দেয়া হবে। ৫ হাজারের কোটার মধ্যে প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওমানের শ্রম ও অভিবাসন আইন যথাযথভাবে বজায় রেখে মৌসুমী শ্রমিকের চাহিদা মেটাতে কৃষকদের সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement