ছবি: আপন দেশ
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে।
বিশেষ করে এ অঞ্চলের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাকরি হারানো, নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়াসহ রেমিট্যান্স প্রবাহেও দেখা দিতে পারে নেতিবাচক প্রভাব। ফলে উদ্বেগ বাড়ছে প্রবাসী কর্মী ও তাদের পরিবারগুলোর মধ্যে।
এমন পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়াতে বহুমুখী পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্ব অর্থনীতি ও শ্রমবাজারেও পড়তে শুরু করেছে।
বাংলাদেশের শ্রমবাজারের বড় অংশই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এ অঞ্চলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৬৭ শতাংশই যান সৌদি আরবে।
এরপর কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাজের জন্য যান বাংলাদেশিরা।
আরও পড়ুন <> গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোন-এপিসিতে চলছে নজরদারি
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আকাশপথে যোগাযোগ ব্যাহত হওয়ায় ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না হাজার হাজার প্রবাসী।
অভিবাসন ও অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের অভিবাসন খাতে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও কমে যেতে পারে।
এ সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বিদ্যমান শ্রমবাজার সুরক্ষিত রাখার পাশাপাশি বিকল্প শ্রমবাজার তৈরিতে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
একই সঙ্গে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং প্রবাসী কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
এ ছাড়া শ্রমিকদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে কারিগরি শিক্ষার প্রসার এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































