ফাইল ছবি, আপন দেশ
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রোববার (০২ আগস্ট) আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে, জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে এক রিট পিটিশন দায়ের করা হয়।
শুনানি শেষে ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের পেন্ডিং আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এছাড়াও প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
আরও পড়ুন<<>>ঢাকার চারপাশে নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হলেন অ্যডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।
মামলার বিবাদীরা হলেন, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান ও আইন মন্ত্রণালয় সচিব, পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।
এ বিষয়ে মনজিল মোরসেদ জানান, আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের যেসব নবায়নের আবেদন পেন্ডিং আছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।
আদালত অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে এক চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও এম্বেসিকে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































