ছবি : সংগৃহীত
ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি।
নির্ধারিত প্রক্রিয়ায় এসব পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে কোন খাতে কত কর্মী নেয়া হবে, আবেদনের যোগ্যতা কী এবং কীভাবে আবেদন করবেন। জেনে নিন বিস্তারিত।
বিদেশি কর্মী নিয়োগে ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার।
অর্থাৎ, দুই বছরে মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ বিদেশি কর্মী নেয়া হবে।
ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় এ কোটা নির্ধারণ করা হয়েছে।
দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদামজাতকরণ, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্কদের পরিচর্যাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগ দেয়া হবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জনের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি খাতে, ৮৯ হাজার জন কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন।
অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।
অন্যদিকে, ২০২৮ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৯০ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজের জন্য নিয়োগ পাবেন।
আরও পড়ুন <> রমজানে খেজুরের দামে স্বস্তি ফেরাতে ভ্যাট কমানোর উদ্যোগ
ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য নির্ধারিত ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন। চলতি বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি ইতিমধ্যে পেরিয়ে গেছে। তাই এখন আগ্রহীদের নজর ২০২৭ ও ২০২৮ সালের নিয়োগের দিকে।
আবেদন করবেন যেভাবে : ইতালিতে কাজের জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ প্রক্রিয়ায় আবেদন করার মূল দায়িত্ব নিয়োগকর্তার।
অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।
ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনসংক্রান্ত প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর।
এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এ জন্য ব্যবহার করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল।
নিয়োগকর্তাকে কর্মীর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এর মধ্যে চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য থাকতে পারে।
আবেদন অনুমোদিত হলে কর্মীকে ভিসার জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নিয়োগের কোটা নির্ধারিত থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না। ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতালি দূতাবাস।
বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ : বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রকল্পও নেয়া হয়েছে ইতালির পক্ষ থেকে।
এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
তিনি জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের বিষয় ও ধরন নির্ধারিত হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মী চাহিদা অনুযায়ী। প্রথমে ইতালির প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ও দক্ষতার ধরন জানাবে। এরপর সে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ : ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারক চক্রের তৎপরতা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।
তিনি জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার নামে অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে।
এ ধরনের লেনদেনের কারণে ভিসা পাওয়া নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
আগ্রহীদের নিয়োগ ও আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল, ইতালি দূতাবাস এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্দেশনা অনুসরণ করতে হবে।
বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ভিসার আবেদন করা যাবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































