ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ের নায়ক ফারমিন লোপেজ, করেছেন জোড়া গোল।
দিনের আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে অ্যাতলেটিকোর মাঠে জয়ের বিকল্প ছিল না বার্সার সামনে। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় তারা।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের নিচু ক্রস থেকে গোল করেন জিউলিয়ানো সিমিওনে। এর আগে ষষ্ঠ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আলভারেজ।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা। দুই দলই গোলপোস্টে বল লাগিয়ে গোলের কাছাকাছি পৌঁছায়। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ের আগে বাঁকানো শটে বার্সেলোনাকে সমতায় ফেরান ফারমিন লোপেজ।
আরও পড়ুন <> আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬৬তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেজ। তার এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও বার্সেলোনার রক্ষণভাগ ও গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করতে পারেনি অ্যাতলেটিকো। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ নেমে গেছে তৃতীয় স্থানে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































