ছবি : সংগৃহীত
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭-এর পর ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হবে। আর ১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
সোমবার (০৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্বার্থ, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানুয়ারি ২০২৭ থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
তিনি বলেন, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি।
এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন <> গোবিপ্রবির আশপাশে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সূচি পুনর্বিবেচনার আহবান জানানো হয়েছে।
পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে চায় ইউজিসি।
ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করবে ইউজিসি।
এ ছাড়া ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সভায় আলোচনা হয়েছে।
প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে সভায়। চলতি বছর গত বছরের মতোই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্যও উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।
এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার।
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।
ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেয়া হবে না।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































