ছবি: আপন দেশ
বরগুনা জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (০৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির কিছু অংশ পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন<<>>ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলা
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে, জেলা পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ এলাকার সামনে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের দাবি জানান স্থানীয়রা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































