Apan Desh | আপন দেশ

আমি যার পক্ষ নিই, সেই হারে: মামদানি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৮, ১৮ জুলাই ২০২৬

আমি যার পক্ষ নিই, সেই হারে: মামদানি

ছবি : সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপ ফাইনালে কার পক্ষে থাকবেন, এমন প্রশ্নের জবাবে তিনি এক মাজার উত্তর দিয়েছেন।

রসিকতা করে মামদানি জানালেন, এ টুর্নামেন্টে তিনি এ পর্যন্ত যে দলকেই সমর্থন করেছেন, তারাই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে!

রোববার (১৯ জুলাই) সিটি হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেগা ফাইনাল নিয়ে কথা বলেন মামদানি।

কার পক্ষে গলা ফাটাবেন এমন প্রশ্নে কোনো ফেবারিট দলের নাম বলেনি তিনি। তিনি বরং হাসতে হাসতে বলেন, কোনো দলের ওপর ‘অপয়া’ নজর দিতে চাই না।

মামদানি বলেন, আমি যার জন্যই গলা ফাটিয়েছি, সেই হেরেছে। এ মুহূর্তে আমি যে দলের নামই নেব, মনে হচ্ছে তারাই হেরে যাবে।

তবে কোনো দলকে বেছে না নিলেও এবারের বিশ্বকাপের ভূয়সী প্রশংসা করেছেন মামদানি। মেয়রের চোখ এখন রোববারের ফাইনালের দিকে।

স্পেনের বিস্ময় লামিন ইয়ামাল আর আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির এক রোমাঞ্চকর ও ঐতিহাসিক লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন তিনি।

কথাপ্রসঙ্গে মামদানি মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সে ঐতিহাসিক ছবিটির কথা। যেখানে দেখা যায়, একদম শিশু লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি।

মেয়র অকপটে স্বীকার করেন, প্রথম দেখায় ছবিটিকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  দিয়ে তৈরি বলেই মনে হয়েছিল।

নিউ ইয়র্কের মেয়র বলেন, আমি তো ভেবেছিলাম লিওনেল মেসি আর লামিন ইয়ামালের ওই ছবিটা এআই দিয়ে বানানো।

পরে অবশ্য তিনি জানতে পারেন, বছরের পর বছর আগে তোলা ওই ছবিটি সম্পূর্ণ আসল। তখনো হয়তো দুই ফুটবলারের কেউই কল্পনা করেননি যে, একদিন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারা একে অপরের মুখোমুখি দাঁড়াবেন।

আরও পড়ুন <<>> পাগলাটে সমর্থকদের জন্যই আরেকবার বিশ্বকাপ জিততে চান স্কালোনি

সময়ের এ অবিশ্বাস্য চক্র নিয়ে বলতে গিয়ে মামদানি যোগ করেন, বিশ্বকাপ ফাইনালে মেসি আর ইয়ামালের এ দ্বৈরথ দেখতে পাওয়াটা সত্যি ‘দারুণ এক ব্যাপার।’

তবে ম্যাচের ফল কী হতে পারে, তা নিয়ে কোনো আগাম ভবিষ্যদ্বাণী না করে একদম চতুর রাজনীতিকের মতো হেসেই শেষ করলেন মেয়র।

তার শেষ কথা, তিনি স্রেফ একটা দুর্দান্ত ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়